এন আলম রাসেল চৌধুরী:
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে মিরসরাই উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার, মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এবং জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। এছাড়াও সরকারি-বেসরকারি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুষ্পার্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির হাজারো ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য চিরপ্রেরণার উৎস। শহীদদের আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবায় প্রশাসন ও পুলিশের দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালনের অঙ্গীকার করা হলো।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই এই শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরসরাইবাসীর প্রত্যাশা—মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।