মাঠে খেলতে গিয়ে অসুস্থ, উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

অনলাইন ডেস্ক:

খেলাধুলার সময় অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের শেষ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলাধুলার সময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে হাঁটু গেড়ে বসার সময় উপুড় হয়ে মাঠে পড়ে যান তিনি।

এ সময় সেখানে উপস্থিত অন্যরা তাঁকে ধরে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর কোনো নড়াচড়া না দেখে উপস্থিত লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।

উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন স্বাক্ষরিত এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

জানা যায়, মোহাম্মদ আশরাফুল আফসার বিসিএসের ২৫তম ব্যাচের ক্যাডার ছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *