বিনোদন ডেস্ক:
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে। সম্ভাব্য পাত্রকে ঘিরে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও তার পেশা নিয়ে এবার নতুন তথ্য সামনে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মিমির হবু বর সিদ্ধার্থ ভারতীয় নৌসেনার কর্মকর্তা নন। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে কাজ করছেন।
জানা গেছে, সিদ্ধার্থ কলকাতার ‘কলকাটা বয়েজ স্কুলে’ পড়াশোনা করেন। পরে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে কর্মজীবন শুরু করেন। ২০০৮ সালের মার্চ থেকে তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে অভিজ্ঞতা অর্জনের পর বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন রুমের দায়িত্ব পালন করাই তার পেশাগত কাজ বলে জানা গেছে।
এদিকে মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আরও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী নভেম্বর মাসে মিমি ও সিদ্ধার্থ আইনি রেজিস্ট্রি করতে পারেন। এরপর ডিসেম্বর মাসে পাহাড়ি শহর কালিম্পংয়ে তাদের বিয়ের আয়োজন হতে পারে।
সিদ্ধার্থের সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে এতদিন প্রকাশ্যে তেমন কোনো তথ্য ছিল না। তবে গত বছরের দুর্গাপূজার একটি আড্ডায় বন্ধুদের সঙ্গে মিমির পাশাপাশি সিদ্ধার্থকেও দেখা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিমি চক্রবর্তী এখনো তার ভ্যারিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সিদ্ধার্থকে অনুসরণ করেন না বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।