নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে পুলিশ সদস্যরা ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে যান। অভিযান চলাকালে ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জবাবে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে ফুটপাতের ব্যবসায়ীদের সংখ্যা পুলিশের তুলনায় বেশি ছিল। ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়।
ঘটনাস্থলে হামলা ও ভাঙচুরের পাশাপাশি সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।