লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫

কামরুল ইসলাম:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পরে পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৩ জন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত ৫ জন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চৌধুরী পাড়ার মৃত মংশি মগের ছেলে। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *