শিয়াল ঠেকাতে বিদ্যুতের ফাঁদ, মণিরামপুরে কৃষকের মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে শিয়াল ঠেকাতে বাঁশঝাড়ে দেওয়া বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মশিয়ার রহমান মোড়ল (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে উঁচু জমির পরিমাণ কমে যাওয়ায় বন্য প্রাণী, বিশেষ করে শিয়ালের উৎপাত বেড়েছে। এতে স্থানীয়দের হাঁস-মুরগি পালনও কঠিন হয়ে পড়েছে।

মৃত মশিয়ার রহমানের একটি বাঁশঝাড় প্রতিবেশী হাফিজুর রহমানের বাড়ির পাশে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় শিয়ালের উৎপাত বেড়ে যাওয়ায় শিয়াল ঠেকাতে হাফিজুর রহমান বাঁশঝাড়ে তার পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন।

মঙ্গলবার সকালে মশিয়ার রহমান বাঁশ কাটতে ওই বাঁশঝাড়ে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *