সাতকানিয়ায় মধ্যরাতে পুলিশের অভিযান: অবৈধ মাটি কাটার ডাম্পার ও স্কেভেটরসহ আটক ২

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাকসহ দুই যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে, ২০২৬) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ছমদিয়া পুকুরপাড় নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১৫নং ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্প এলাকার শামসুল হকের ছেলে দুছ মোহাম্মদ (৩০) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী এলাকার চাকলাদারপাড়ার আবুল হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ছদাহা এলাকায় অবস্থান নিয়ে একটি ডাম্পার ট্রাকে করে মাটি কাটার স্কেভেটর পরিবহনের সময় গাড়িটি থামানো হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের কাছে ড্রাম ট্রাক ও স্কেভেটর চালনা বা মালিকানার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো সঠিক নথি দেখাতে ব্যর্থ হন। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক রকম অসংলগ্ন তথ্য দিতে থাকলে অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়।

পরে জব্দ তালিকা প্রস্তুত করে গাড়ি ও স্কেভেটরটি থানা হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এলাকার পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *