অনলাইন ডেস্ক:
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে এ অভিযান শুরু হয়।
জানা গেছে, তেজগাঁওয়ের ফুয়াং ক্লাব ও বারটি শেখ নূর ইসলামের। ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে। ২০১৯ সালেও এসব অভিযোগের ভিত্তিতে ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে শনিবারের অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। অভিযান শেষে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে কী ধরনের তথ্য বা সিদ্ধান্ত জানানো হবে, সেটিও তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালানো হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) ওই অভিযান পরিচালনা করে। অভিযানে অনুমোদনহীন গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে শেখ নূর ইসলামের দুটি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয় বলে জানা গেছে।
ফুয়াং ক্লাবে শনিবারের অভিযানের সঙ্গে আগের গুদাম সিলগালা করার ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।