সালমান মুক্তাদির শ্বশুরের প্রতিষ্ঠানে অভিযান, সিলগালা চার গুদাম

নিজস্ব প্রতিবেদক:

অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউসের কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।

এনবিআর জানায়, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত ওয়্যারহাউসে স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *