মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবার গুঁড়াসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া এবং একটি মোবাইল ফোনসহ এক নারী মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোছাঃ আকলিমা বেগম (২১)। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার তাহেরাবাদ পূর্ব হাটি (মাজার বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম শুক্কুর আলী, মাতার নাম মালেকা বেগম এবং স্বামীর নাম মোঃ ফকরুল ইসলাম।
ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীও মাদকবিরোধী এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।