সেমিনার ও নাট্যপ্রদর্শনীতে সেলিম আল দীনের জন্মবার্ষিকী স্মরণ

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রভাবশালী নাট্যকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে স্মরণ অনুষ্ঠানের। আগামী শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে সেমিনারের পাশাপাশি থাকবে নাট্যপ্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের লেখা নাটক ‘পুত্র’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জাকির হোসেন ইমন। নাটকটি প্রযোজনা করছে ‘নিশ্চিন্তপুর থিয়েটার, ঠাকুরগাঁও’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার ঘোষাল।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ স্মরণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বাংলাদেশের নাট্যচর্চায় সেলিম আল দীন ছিলেন এক অনন্য স্রষ্টা। তার নাটকে দেশজ সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, মানুষের জীবনসংগ্রাম ও সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে। তার জন্মবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে তার সৃষ্টিশীল কর্ম ও নাট্যভাবনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *