মোহাম্মদ হোসেন সুমন:
মঙ্গলবার বিএ-৮০১৫ লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর, পিএসসি (১০ পদাতিক ডিভিশন) এর উপস্থিতিতে ১০ পদাতিক ডিভিশনের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে তিনি বলেন, কক্সবাজার অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এসব কার্যক্রম সন্ত্রাসী ও অপরাধমূলক অপতৎপরতা দমন, গুজব ও সহিংসতা প্রতিরোধ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিয়মিত টহলের পাশাপাশি গত ১ জানুয়ারি ২০২৬ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ১০ পদাতিক ডিভিশন কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট ৬১টি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারি এবং বিভিন্ন মামলার আসামিসহ সর্বমোট ৮০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন এবং ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ১টি ড্রোন, ১টি ওয়াকিটকি, ১৩ লক্ষ টাকার জাল নোটসহ বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী দ্রব্যসামগ্রী জব্দ করা হয়।
এছাড়াও ৬,২০১ পিস ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার এবং ৬ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১০ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী অপতৎপরতা দমনের ফলে আতঙ্কিত স্থানীয় জনগণের মাঝে অধিকতর স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম ও যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং আরও বেগবান করা হবে। জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্তভাবে কাম্য।