৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নলডাঙ্গায় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় নলডাঙ্গা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে নলডাঙ্গা সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষক নেতারা বলেন, “অব্যাহত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১০ বছর আগের পে-স্কেল দিয়ে এখন আর সংসার চলছে না। আমাদের প্রাণের দাবি—অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা রক্ষা করা হোক।”

তারা আরও বলেন, “প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, জাতীয় নির্বাচনের আগেই ৯ম পে-স্কেল কার্যকর করতে হবে। বর্তমানে শিক্ষা উপকরণ, বাসা ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, তাতে বর্তমান বেতন-ভাতায় জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি মো. মোতালেবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, প্রচার সম্পাদক মো. মনজুরুল আলম, দপ্তর সম্পাদক অমল কুমার প্রাং এবং অর্থ সম্পাদক মো. রহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *