বজ্রপাতে একদিনে ঝরল ১২ প্রাণ, সবচেয়ে বেশি ক্ষতি গাইবান্ধায়

স্টাফ রিপোর্টার:-

রোববার বিকেলে দেশের সাতটি জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাঠে ধান কাটা থেকে শুরু করে ঘরে রান্না করার সময়ও রেহাই মেলেনি বজ্রপাতের আঘাত থেকে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাইবান্ধায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।

জেলা প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বিকেল চারটার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে চারজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। একই ঘটনায় একটি গবাদিপশুও প্রাণ হারিয়েছে। এ ছাড়া সাঘাটা উপজেলার পদুম শহর এলাকায় গোসলের সময় এবং ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হন। সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুইজন। জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে মর্জিনা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলীর সোনারাই এলাকায় নিহত হয়েছেন এক যুবক। এ ছাড়া অন্যান্য জেলা থেকেও বিচ্ছিন্নভাবে প্রাণহানির খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

হঠাৎ বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় গ্রামাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বজ্রপাতের সময় খোলা মাঠ ও উঁচু স্থান এড়িয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *