নারায়ণগঞ্জ প্রতিনিধি : ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অদ্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমানী পৌর স্টেডিয়ামে এ ম্যাচটি আয়োজন করা হয়।
প্রীতি ফুটবল ম্যাচটির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উদ্বোধনকালে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার অনন্য উপলক্ষ। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা আরও সুদৃঢ় হয়।
ম্যাচটিতে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উভয় দলের খেলোয়াড়রা উৎসাহ-উদ্দীপনা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলায় অংশ নেন, যা মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। মহান বিজয় দিবসকে ঘিরে এ ধরনের প্রীতি ম্যাচ সরকারি দপ্তরগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।