কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না: জেলা রিটার্নিং কর্মকর্তা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির স্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিশৃঙ্খলা, আইন লঙ্ঘন বা আচরণবিধি ভঙ্গ একেবারেই বরদাস্ত করা হবে না। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজন হলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, “আমাদের চোখে সব প্রার্থী সমান। দুর্বল-সবল বলে আমরা কাউকে আলাদা করি না। সকল প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদার অধিকারী।”

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রচারণা বিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং আচরণবিধি প্রতিপালন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, “নির্বাচন চলাকালীন কোনো ধরনের অভিযোগ থাকলে তা সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানাবেন। সম্ভব হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি আসনে একজন করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য রয়েছেন, যাঁরা বিচারক। তাঁদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি জানান, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে হবে। এমনকি নির্বাচনী আইন লঙ্ঘন করে কেউ নির্বাচিত হয়ে গেলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে নির্বাচন কমিশনের কাছে ওই প্রার্থীর পদ বাতিল করার পূর্ণ ক্ষমতা রয়েছে।

রায়হান কবির বলেন, “আমরা সকল আইন প্রয়োগ করে একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। যিনি নির্বাচন করবেন, তাঁকে অবশ্যই সহনশীল আচরণ করতে হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবো না।”

ভোটকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “প্রার্থী একা অথবা একজন নির্বাচনী এজেন্ট নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন। সেখানে কোনো ধরনের প্রচারণা বা ভোট চাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার সুযোগ থাকবে।”

তিনি প্রার্থীদের উদ্দেশে আরও সতর্ক করে বলেন, “আপনাদের যদি কোনো আপত্তি বা অভিযোগ থাকে, নিজেরা সমাধান করতে যাবেন না। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। অভিযোগ দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লাসহ মোট সাতজন প্রার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *