পাগলা ও ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের পাগলা ও ফতুল্লা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) পরিচালিত এই অভিযানে একাধিক স্থানে অবৈধ গ্যাস ব্যবহার শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে তালতলা, পাগলা এলাকার আব্দুল হাফেজ নামে এক ব্যক্তির বাসায় ০৮টি ডাবল বার্নারের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে দেখা যায়। এ সময় সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয় এবং তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া শিল্প শ্রেণীর আওতাভুক্ত “বন্ধন স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস”, উত্তর ভূইগড় (মাগুর মাছের খামার সংলগ্ন), ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের আঙিনায় অবৈধ গ্যাস ব্যবহারের সংযোগ পাওয়া গেলে তা বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয়।

আরেকটি অভিযানে “নূর এন্টারপ্রাইজ”, নিউ হাজিগঞ্জ, ফতুল্লা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের আলামত পাওয়া যায়। তবে নির্দিষ্ট উৎসস্থল সনাক্ত করা সম্ভব হয়নি। পাশাপাশি সংলগ্ন একটি আবাসিক বাড়িতেও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ওই বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাবাসসুম হাসান তানিশা। অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের সংযোগের ফলে একদিকে যেমন গ্যাসের অপচয় হয়, অন্যদিকে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দেরও এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *