স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম মহানগরের হালিশহর থানার অধীন সারাদিন হাড্ডি কোম্পানি মিস্ত্রিপাড়া এলাকায় অবাধে জুয়া বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চললেও থানা পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, নুর ইসলাম নামের এক ব্যক্তির নেতৃত্বে এসব জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে করে এলাকার যুবসমাজ বিপথে যাচ্ছে এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে তারা মনে করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জুয়া বাণিজ্যের কারণে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়ে গেছে।
সংবাদ সংস্থা বিষয়টি জানার জন্য হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, সংশ্লিষ্ট থানা পুলিশ এবং ডিবি পুলিশের কিছু সদস্যকে নিয়মিত অর্থ প্রদান করেই এই জুয়ার কার্যক্রম চালানো হচ্ছে। তাদের দাবি, এ কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকা সত্ত্বেও এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।
অন্যদিকে, অভিযুক্ত নুর ইসলাম দাবি করেন, তিনি প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কিছু সাংবাদিককে নিয়মিত অর্থ প্রদান করেন। তার কাছে বিভিন্ন সময় নানা শ্রেণি-পেশার লোকজন আসে বলেও তিনি মন্তব্য করেন।
এলাকাবাসীর দাবি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে জুয়ার এই অবৈধ বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে। এতে করে এলাকার যুবসমাজকে রক্ষা করা এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।