মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘রামচন্দ্রী খাল’ পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আড়াইহাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তারা যৌথভাবে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। এছাড়াও আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।