মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবপুর লাকি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির পাশ দিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে ঘরের ভেতরে ধীরে ধীরে গ্যাস জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। সকালে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
প্রতিবেশীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘরের ভেতরে বাবা ও তার তিন ছেলেকে গুরুতর দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক। তিনি পরিবার নিয়ে কুতুবপুরের লাকি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ চারজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাটির প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। এটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত গ্যাস লাইনের লিকেজ মেরামত ও ঝুঁকিপূর্ণ স্থাপনা শনাক্তের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।