জন্মদিনে নিপুণের ইঙ্গিত, ফিরছে আলোচিত ‘মহানগর’

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের ওয়েব সিরিজের ইতিহাসে অন্যতম আলোচিত নাম ‘মহানগর’। নির্মাতা আশফাক নিপুণের এই সিরিজ গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের গুণে দর্শকের ব্যাপক প্রশংসা পেয়েছে। ২০২১ সালে প্রথম সিজন মুক্তির পর দুই বছর পর আসে দ্বিতীয় সিজন। এরপর থেকেই তৃতীয় সিজনের অপেক্ষায় রয়েছেন দর্শক।

দ্বিতীয় সিজনের শেষেও ‘মহানগর ৩’-এর ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও নতুন সিজনের কাজ শুরু না হওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল নানা জল্পনা। নির্মাতা আশফাক নিপুণ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করলেই কমেন্টে ‘মহানগর ৩’ নিয়ে প্রশ্ন করতেন ভক্তরা।

এর মধ্যে একবার সিরিজটির কাজ শুরুর খবরও ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, বাজেটসংক্রান্ত জটিলতার কারণে তখন কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নিজের জন্মদিনেই ‘মহানগর ৩’ নিয়ে সুখবর দিলেন আশফাক নিপুণ।

বুধবার (২৬ আগস্ট) জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন নির্মাতা। ভিডিওতে নিজের জন্মদিন নিয়ে কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‘যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

নিপুণের এই কথার পরই শুরু হয় রহস্যের অবসান। কারণ ভিডিওতে তিনি নিজেই গেয়ে শোনান ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক। এতেই দর্শকদের কাছে স্পষ্ট হয়ে যায়—‘মহানগর ৩’-এর চিত্রনাট্যের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।

যদিও তৃতীয় সিজনের শুটিং কবে শুরু হবে কিংবা কবে নাগাদ এটি দর্শকের সামনে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতা।

‘মহানগর’-এর প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তার এই চরিত্রে ফেরার কথা রয়েছে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে।

সব মিলিয়ে ‘মহানগর ৩’ নিয়ে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ার ইঙ্গিত মিলেছে নির্মাতার জন্মদিনের এই ঘোষণায়। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা ও শুটিং শুরুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *