আদালতের চেম্বারে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইল প্রতিনিধি:

নড়াইল আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন—এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলায় হাজিরা দিতে রবিবার তারা নড়াইল আদালতে আসেন। পরে আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বারে অবস্থান করার সময় সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকের পর তাদের তল্লাশি চালানো হলে ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার বলেন, নড়াইল আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *