দামুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সি এক কনে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সি ওই কনে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
এদিকে বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।