হবিগঞ্জে বাস চলাচল নিয়ে বিরোধ, আপাতত স্থগিত ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস চলাচল নিয়ে বিরোধের জেরে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। এতে শুক্রবার সকাল থেকে হবিগঞ্জের অভ্যন্তরীণ সড়কসহ সব রুটে গণপরিবহণ চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের সভায় আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে দীর্ঘদিন ধরে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সম্প্রতি হবিগঞ্জের তিনটি বাস মৌলভীবাজারে আটকে রাখা হয়।

মালিক গ্রুপের দাবি, বিভিন্ন সময়ে বৈঠকের মাধ্যমে এসব সমস্যার সমাধান হলেও পরে আবার বাস আটক ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং বিরোধের সুষ্ঠু সমাধানের দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *