কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, ঠিকাদার শিরাজের সম্পদের পাহাড়

মেজার চৌধুরী:

কেরানীগঞ্জে বিভিন্ন শিল্পকারখানা ও আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে সাব্বির এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শিরাজ হাওলাদারের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস লাইনের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত থেকে শিরাজ হাওলাদার বিভিন্ন এলাকায় অনুমোদনহীন গ্যাস সংযোগ দিয়ে আসছেন।

স্থানীয় সূত্রের তথ্যমতে, একসময় গ্যাসলাইন বসানোর জন্য মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন শিরাজ হাওলাদার। পরবর্তীতে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন—এমন অভিযোগও রয়েছে।

এ ছাড়া শিরাজ হাওলাদার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও শাহবাগ থানা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতির পদ অর্থের বিনিময়ে নিয়েছেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। অভিযোগকারীদের দাবি, অবৈধ গ্যাস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকায় প্রভাবশালী মহলের সহযোগিতায় তিনি ওই পদ ব্যবহার করে নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অভিযোগকারীদের দাবি, কেরানীগঞ্জের গেট ব্রিজ এলাকায় তিনটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি কারখানাতেও অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া বেগুনপট্টির একটি কারখানা এবং কদমতলী-বেগুনবাড়ী ব্রিজের নিচে অবস্থিত একটি কারখানায় অনুমোদনহীন গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া কেরানীগঞ্জের রোহিতপুর এলাকার বিসিকের ভেতরে কয়েকটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ এবং মুহুরী পট্টিসহ আশপাশের কয়েকটি এলাকায় আবাসিক ভবনে অবৈধ গ্যাসলাইন দেওয়ার অভিযোগও রয়েছে।

এদিকে শিরাজ হাওলাদারের সম্পদ নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কেরানীগঞ্জে তার একটি ছয়তলা ভবন, একটি টিনশেড বাড়ি এবং বিভিন্ন এলাকায় জমি রয়েছে। গ্রামের বাড়িতেও আলিশান বাড়ি ও কয়েক বিঘা ফসলি জমি রয়েছে—এমন তথ্য প্রতিবেদকের কাছে এসেছে।

অভিযোগগুলোর বিষয়ে সাব্বির এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. শিরাজ হাওলাদারের মুঠোফোনে কল করে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘যা পারেন তাই করেন।’

তবে অবৈধ গ্যাস সংযোগ ও সম্পদের বিষয়ে তার বক্তব্য বিস্তারিতভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *