নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে তদন্ত শেষ করতে আরও এক মাস সময় চান। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচ আসামি হলেন—সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং মোক্তার হোসেন।
এর আগে গত ৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন দুই মাস সময় চেয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় প্রসিকিউশন আবারও সময়ের আবেদন করে। পরে ট্রাইব্যুনাল আগামী ৮ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।