খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শামছুল আলম (৩৫) পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি তার দাদির সঙ্গে বাড়িতে থাকে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গেলে শিশুটি বাড়িতে একা ছিল। এ সময় প্রতিবেশী শামছুল আলম জোরপূর্বক ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা ছোটবেলায় তাকে রেখে চলে যান। এরপর থেকে দাদিই তাকে লালন-পালন করে আসছেন। শিশুটির বাবা চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে সে দাদির সঙ্গেই বাড়িতে থাকত।

অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর তিনি আত্মগোপনে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *