ক্রীড়া প্রতিবেদক:
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জপদকের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদকশূন্য থেকেছে বাংলাদেশ। ম্যাচে বল হাতে মুস্তাফিজুর রহমানের ব্যর্থতাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে। জবাবে বাংলাদেশ ১৭ দশমিক ৩ ওভারে ১০২ রানে অলআউট হয়।
শ্রীলঙ্কার ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে এসে মুস্তাফিজ ২৫ রান দেন। যদিও পরে তিনি দুটি উইকেট নেন, তাঁর ওই ওভারটি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
জাপানের উইকেটে মুস্তাফিজের এমন পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করে সুজন বলেন, ‘খুব অপ্রত্যাশিত যে মুস্তাফিজ ভালো করেনি। খুবই অবিশ্বাস্য যে মুস্তাফিজ এত রান দিয়েছে ওই রকম উইকেটে। এটা হতেই পারে আসলে। তবে আমি জানি না মোসাদ্দেক কেন বল করেনি।’
মোসাদ্দেক হোসেনকে বোলিংয়ে ব্যবহার না করায়ও প্রশ্ন তুলেছেন সুজন। তাঁর মতে, ওই উইকেটে মোসাদ্দেক কার্যকর হতে পারতেন।
সুজন বলেন, ‘এই উইকেটে মোসাদ্দেক হয়তো ইউসফুল হতে পারত। মোসাদ্দেক তো এই ফরম্যাটে ভালো বল করে। ওইখানে মোসাদ্দেক এক ওভারও বল করেনি, সেটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি আসলে।’
বাংলাদেশের ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তাঁর মতে, দলের প্রথম সারির চার ব্যাটার রান না পাওয়ায় ১৬৬ রানের লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, ‘সাইফ, তামিম, হৃদয়, লিটন তাদের কেউই রান করেনি। সুতরাং চারটা প্রথম সারির ব্যাটসম্যান রান না করলে ১৬৫ তাড়া করা খুবই কঠিন এই ফরম্যাটে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলার কারণে আর হয়নি।’
সুজন আরও বলেন, ‘শ্রীলঙ্কার তো পূর্ণ শক্তির দল নয়। এটা একটু কষ্ট পেয়েছি যে, আমাদের তো অনেক শক্তিশালী দলই ছিল, সেখানে আমরা ভালো করিনি। এটা আমাদের খারাপ লাগারই ব্যাপার।’
ব্রোঞ্জপদকের ম্যাচে হারের ফলে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট থেকে কোনো পদক ছাড়াই ফিরেছে বাংলাদেশ।