মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, ডাকাত, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ১০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন ধরনের মামলায় ও অভিযোগে সংশ্লিষ্ট এসব আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১০৩ জনের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ৬ জন মাদক ব্যবসায়ী, ৩ জন কিশোর গ্যাং সদস্য, ১ জন ছিনতাইকারী, ২ জন ডাকাত, ওয়ারেন্টভুক্ত ২১ জন, নিয়মিত মামলার ৪ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ জন সদস্য রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্যমতে, নারায়ণগঞ্জ সদর থানায় পরিচালিত অভিযানে মাদকসেবী ৭ জন, ৯৫ পিস ইয়াবাসহ ১ জন এবং ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অভিযানে মাদকসেবী ১৫ জন, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ২৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ২৫৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ২ জন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকসেবী ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার অভিযানে মাদকসেবী ১৬ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় পরিচালিত অভিযানে ১৩ জন মাদকসেবী, ৫০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার ১ জন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আড়াইহাজার থানায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ১ জন আসামি, ২ জন ডাকাত এবং ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার জেলার সাতটি থানা ও ডিবি পুলিশ পরিচালিত অভিযানে সর্বমোট ১০৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।