খসরু মৃধা:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়া বের করা হয়। মহড়াটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু বলেন, আওয়ামী লীগ হত্যা ও লুটপাট করে পালিয়ে গেছে। তারা আর ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপা আপা কইয়েন না, আপা ফিরে আসবে না। একবার আপা আপনাদের বিপদে ফেলে পালিয়ে গেছেন, এবার আবার বিপদে ফেলতে নাশকতার নির্দেশ দিচ্ছেন। এবার জনগণ আপনাদের আর ছাড়বে না।’
তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মাহবুব হাসান সবুজ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ এস এম জয়নাল আবেদীন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব হাসানুর রহমান জুয়েল।
পৌর বিএনপির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সভাটি সঞ্চালনা করেন। এ সময় বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শওকত আলী মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. ইনজামুল হক জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম সুমন, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. রুহুল আমিন মোল্লাসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।