জমি বিরোধে সাত বছরেও চালু হয়নি ১৩৬ কোটি টাকার সোনাহাট সেতু

আমিনুল ইসলাম মুকুল:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ সাত বছরেও শেষ হয়নি। পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় জমির মালিকানা দাবিদারদের বিরোধে আটকে আছে প্রকল্পটি। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও চার দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। বেড়েছে ব্যয়ও।

২০১৯ সালে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। জমি অধিগ্রহণ জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও কাজের ধীরগতিতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ব্যয় বেড়েছে ৭ কোটি টাকা।

সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে প্রায় ছয় একর জমি প্রয়োজন। স্থানীয় পাঁচটি পক্ষের ৩৮ জন অংশীদার জমিগুলোকে পৈতৃক সম্পত্তি দাবি করছেন। অন্যদিকে, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ পুরো জমি নিজেদের বলে দাবি করছে। সব মিলিয়ে ৫৭১ দশমিক ২৩ শতক জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে অধিগ্রহণ প্রক্রিয়া আটকে আছে। এ নিয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক হলেও সমাধান হয়নি।

জমির মালিকানা দাবিদার আবদুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ স্থানীয়রা জানান, জমির পক্ষে তাঁদের নামে তিনটি রেকর্ড রয়েছে। প্রকৃত মূল্য পরিশোধ না করে বাড়িঘর ভেঙে দেওয়া হলে তাঁরা আশ্রয়হীন হয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন।

এদিকে, গত মঙ্গলবার ভোরে পাথরবোঝাই ট্রাকের চাপে পুরোনো সোনাহাট রেলসেতুর পূর্ব প্রান্তের একটি পাটাতন ভেঙে যায়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে ঝুঁকিপূর্ণ পুরোনো সেতুর ওপর নির্ভরশীল মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগ আরও বেড়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, নতুন সেতুর ওপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে। পূর্ব প্রান্তের জমি বুঝিয়ে দেওয়া হলে ছয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা রয়েছে। এ বিষয়ে আন্তমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *