আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ১২ ডিসেম্বর স্পেনে ফিরছেন কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লেস পুজেদেমন। দেশটির সুপ্রিম কোর্ট ২০১৭ সালের স্বাধীনতা প্রচেষ্টার ঘটনায় তাঁর বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বন্ধ করে বিতর্কিত ক্ষমা আইন প্রয়োগের পথ খুলে দেওয়ার পর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে পুজেদেমন জানান, আগামী ১২ ডিসেম্বর বার্সেলোনায় পৌঁছাবেন তিনি। সেখান থেকে কাতালোনিয়ার পার্লামেন্টে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন এই নেতা।
সংবাদ সম্মেলনে পুজেদেমন বলেন, কাতালোনিয়া সরকারের প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশ ছেড়েছিলেন। এখন ফিরবেন সেই জায়গায়, যেখানে কাতালান জনগণ তাদের প্রেসিডেন্ট নির্বাচন কিংবা বরখাস্ত করে—কাতালোনিয়ার পার্লামেন্টে। তিনি আরও জানান, ১২ ডিসেম্বর দুপুরের দিকে বার্সেলোনায় পৌঁছে রাতেই পরিবারের সঙ্গে বাড়িতে থাকতে চান।
২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার ব্যর্থ প্রচেষ্টার পর স্পেন ছেড়ে বেলজিয়ামে চলে যান পুজেদেমন। এরপর থেকে সেখানেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন ৬২ বছর বয়সী এই রাজনীতিক। ওই স্বাধীনতা প্রচেষ্টা স্পেনের কয়েক দশকের মধ্যে অন্যতম বড় রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছিল।
চলতি সপ্তাহে স্পেনের সুপ্রিম কোর্ট ২০১৭ সালের ঘটনায় পুজেদেমনের বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বন্ধ করে ক্ষমা আইন প্রয়োগ করেছে। ২০২৪ সালে দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থনে আইনটি পাস হয়। ২০২৩ সালের অমীমাংসিত সাধারণ নির্বাচনের পর ক্ষমতায় থাকতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক সরকার কাতালান বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সমর্থন পেতে এ আইনের উদ্যোগ নেয়। এর মধ্যে পুজেদেমনের দল জুন্টস পার কাতালুনিয়াও ছিল।
পুজেদেমন বলেন, কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে তাঁদের রাজনৈতিক কৌশল হালনাগাদ করা প্রয়োজন। আগামী ১৭ ডিসেম্বরের এক জনসভায় কাতালানদের সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ তুলে ধরার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ব্রাসেলস থেকে সরাসরি ফ্লাইটে বার্সেলোনায় যাওয়ার কথা জানিয়েছেন এই নেতা।
এর আগে স্পেনের দৈনিক ‘এল মুন্দো’কে দেওয়া এক সাক্ষাৎকারে পুজেদেমন বলেন, কাতালোনিয়ার জন্য সাধারণ ক্ষমা ও অন্যান্য ছাড় আদায়ে প্রধানমন্ত্রী সানচেজের ক্ষমতায় থাকার প্রয়োজনীয়তাকে তিনি কাজে লাগিয়েছেন। নির্বাচনের আগে দেওয়া ওই সাক্ষাৎকার দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুজেদেমন দাবি করেন, সানচেজ সরকারের অবস্থান পরিবর্তন কোনো আদর্শিক বিশ্বাস থেকে আসেনি; বরং ক্ষমতায় থাকার প্রয়োজন থেকেই তারা আগের অবস্থান থেকে সরে এসেছে। তিনি একে নিজের রাজনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেন।
এদিকে, আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন জনমত জরিপে রক্ষণশীল পপুলার পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। সে ক্ষেত্রে সরকার গঠনে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে পিপিকে।
সূত্র: এএফপি।