চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ ডাকাত গ্রেপ্তার

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও আলোচিত গিয়াস উদ্দিন অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, বিদেশি ইমিটেশনের তিনটি গোল্ডেন কালারের চেইনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর গভীর রাতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। জানালার গ্রিল কেটে ও দরজার তালা-হুক ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও প্রাণনাশের ভয় দেখায়। পরে স্টিলের আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, বিদেশি ইমিটেশনের তিনটি চেইনসহ অন্যান্য মালামাল এবং একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ ডিলাক্স মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ মোশাররফ বাদী হয়ে তৌহিদ ডাকাতসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলাটি ২৫ নভেম্বর ৩১ নম্বর হিসেবে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় রুজু করা হয়।

এর আগে ১২ নভেম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘরের বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্র, ধারালো দা, হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে ডাকাতরা। এ সময় তিনটি মুঠোফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা, লুট করা হয়। এ ঘটনায় আলী আকবর (৫৯) বাদী হয়ে মামলা করেন। মামলাটি ১৩ নভেম্বর চকরিয়া থানায় ১৩ নম্বর হিসেবে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় রুজু হয়।

গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌহিদ ডাকাতের সঙ্গে গিয়াস উদ্দিন (৪৫) ও তাঁর পরিবারের পূর্ববিরোধ ছিল। এ নিয়ে আগে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে জিআর মামলা এবং প্রাণনাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

গত বছরের ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনের গতিরোধ করা হয়। অভিযোগ অনুযায়ী, একটি গাড়ি দিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে মারধর করা হয়। পরে স্টিলের টর্চ দিয়ে মাথায় আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে মাতামুহুরী সেতুর কাছে তাঁর মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় গিয়াস উদ্দিনের স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে তৌহিদ ডাকাতসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ বলছে, ওই মামলায় তৌহিদুল ইসলাম প্রধান আসামি এবং হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত।

২৫টির বেশি মামলার আসামি

পুলিশের দাবি, গ্রেপ্তার তৌহিদুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, অপহরণ ও হত্যা-সংক্রান্ত ২৫টির বেশি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চকরিয়া থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

প্রাথমিক তদন্তে তৌহিদের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

সম্পদের উৎস অনুসন্ধান

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং অপরাধচক্রের সহযোগীদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান অব্যাহত থাকবে

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে জেলা পুলিশ। জননিরাপত্তা বিঘ্নকারী ডাকাত, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার তৌহিদুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র: চকরিয়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *