জামায়াতের অর্থে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নির্বাচন করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব দাবি করেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের কাছ থেকে নেওয়া ওই অর্থ পরিশোধের জন্য এনসিপিকে এখন ‘গণভিক্ষা কর্মসূচি’ চালু করতে হচ্ছে। স্থানীয় নির্বাচনে জামায়াত এনসিপিকে আর অর্থ দেবে না বলেও ‘শোনা যাচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে বন্যার টাকা আত্মসাতের অভিযোগের কারণে দীর্ঘদিন গণভিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও স্থানীয় নির্বাচনের তহবিল সংগ্রহের জন্য এনসিপি আবারও ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম জোরদার করবে।

রাশেদ খাঁন বলেন, এনসিপি যদি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের গণভিক্ষা তহবিলে তিনি ১ লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেবেন।

এনসিপির নেতাদের নিয়েও পোস্টে বিভিন্ন মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বিএনপি নেত্রী রুমিন ফারহানার একটি পুরোনো মন্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি এনসিপির নেতারা ১৮ মাসে ‘লাগামহীন দুর্নীতি’ করে নিজেদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এনেছেন কি না, সে প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির নেতাদের আলিশান কার্যালয় ও ফ্ল্যাট ভাড়া নেওয়া এবং তাদের জীবনযাপনের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার ভাষ্য, একটি গণঅভ্যুত্থান এনসিপির ‘এক ডজন নেতার জীবন পরিবর্তন করে দিয়েছে’।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলন এবং এনসিপির রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের দাবি, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর ধরে আন্দোলন করলেও সেই সময়ে হাসনাত আব্দুল্লাহদের কী ভূমিকা ছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে নাহিদ ইসলামদের ওপর জনগণের আস্থা থাকলে তারা কেন ক্ষমতায় আসতে পারেননি, সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত ও এনসিপির মধ্যে প্রধান বিরোধী দল হওয়ার প্রতিযোগিতা নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার দাবি, বিএনপি এনসিপিকে জাতীয় পার্টির মতো বিরোধী দল বানাতে রাজি না হওয়ায় এনসিপি জামায়াতের জোটে গেছে। এতে জামায়াত উপকৃত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ক্ষমতার জন্য এনসিপি অল্প বয়সেই ‘ধান্ধাবাজ দলে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। অন্তর্বর্তী সরকার আরও কয়েক বছর ক্ষমতায় থাকলে এনসিপির নেতারা দুর্নীতি ও অর্থ পাচারে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *