বিনোদন ডেস্ক:
প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল-অভিনেত্রী সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে তা ফুসফুস ও লিম্ফ নোডে ছড়িয়ে পড়ে। তখন স্টেজ-৪ ক্যানসারের চিকিৎসায় সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন সামিয়া।
তবে চলতি বছর আবারও নতুন করে ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে তার শরীরে। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে হাসপাতালে থেকে কেমোথেরাপি নিচ্ছেন এই অভিনেত্রী।
কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় এর আগে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন সামিয়া। সেই সময় নিজের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়েছিলেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাতে হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান সামিয়া আফরিন। সেখানে তিনি লেখেন, ‘আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা—আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’
অক্টোবর ক্যানসার সচেতনতার মাস উল্লেখ করে সামিয়া সবাইকে নিজেদের শরীরের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা না করে সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।
সামিয়া বলেন, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা গেলে চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। নিজের যত্ন নেওয়া এবং সচেতন থাকাকেই তিনি আসল ভালোবাসা বলে মনে করেন।
তার এই পোস্টের পর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা জানিয়েছেন। মন্তব্যের ঘরে অভিনেত্রী মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীসহ অনেকে সামিয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।