নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ৩০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও টাস্কফোর্সের সদস্যরা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের বষাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুডেন্ট বিজিডিও-২৬৬ এডি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্ত বর্মন এবং পুলিশের এসআই মো. হারুনসহ সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি এবং ১২ কেজি ১৫০ গ্রাম ওজনের আরেকটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির মোট ওজন ৪০ কেজি ৩০০ গ্রাম।
নওগাঁ ব্যাটালিয়নের এডি মো. দেলোয়ার হোসেন জানান, উদ্ধার করা মূর্তি দুটি বর্তমানে নওগাঁ ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।