নারী বিগ ব্যাশে প্রথমবার দল পেলেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা এবার জায়গা করে নিয়েছেন নারী বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল)। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি পার্থ স্কর্চার্সের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

ফাতিমাকে দলে নেওয়ার মধ্য দিয়ে নতুন মৌসুমের জন্য স্কর্চার্সের বিদেশি খেলোয়াড়ের তালিকাও পূর্ণ হয়েছে। দলে তার সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের ফ্রেয়া কেম্প ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।

চুক্তি অনুযায়ী, নতুন মৌসুমে স্কর্চার্সের হয়ে প্রথম আটটি ম্যাচে খেলতে পারবেন ফাতিমা। তবে পাকিস্তানের জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে না থাকার অনুমতি পেলে পরবর্তী ম্যাচগুলোতেও তাকে পাওয়া যেতে পারে।

নারী বিগ ব্যাশে এটি হবে ফাতিমার অভিষেক। পাকিস্তানের হয়ে এর আগে এই প্রতিযোগিতায় খেলেছেন শুধু নিদা দার। ফলে ফাতিমা হতে যাচ্ছেন বিগ ব্যাশে খেলা দ্বিতীয় পাকিস্তানি নারী ক্রিকেটার।

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাট ও বল হাতে আলোচনায় রয়েছেন ফাতিমা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৫ বলে ফিফটি করে নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন তিনি। একই বছর বার্মিংহাম ফিনিক্সের হয়ে দ্য হান্ড্রেডে খেলা প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটারও হন ফাতিমা।

পার্থ স্কর্চার্সে যোগ দেওয়ার পর ফাতিমা বলেন, পাকিস্তান থেকে নারী বিগ ব্যাশের ম্যাচ দেখেছেন এবং সব সময় এই টুর্নামেন্টের অংশ হওয়ার স্বপ্ন দেখতেন। স্কর্চার্সের হয়ে মাঠে নেমে দর্শকদের সামনে খেলার সুযোগ পাওয়াকে তিনি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

আগামী ৩১ অক্টোবর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী বিগ ব্যাশের নতুন মৌসুম শুরু করবে পার্থ স্কর্চার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *