নিজস্ব প্রতিবেদক ::
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফিরছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে গভীর রাতে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।
১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। দুই দেশে কয়েক মাস চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী দেশে ফিরে তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রাম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।