
আবু ইউছুফ রাবেতঃ
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর এলাকায় এক তরুণীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে স্থানীয় বাসিন্দা সুমনের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সম্পর্কের সুবাদে পরিবারের আস্থা অর্জন করেন তিনি। এক পর্যায়ে পারিবারিক একটি সমস্যার বিষয়ে সহযোগিতার আশায় ভুক্তভোগী তার কাছে গেলে সেই সুযোগের অপব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, তাকে অচেতন করে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয় এবং বিভিন্ন সময়ে অর্থ আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ মোটা অঙ্কের টাকা দাবি করা হলে তা দিতে অপারগ হয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন।
ভুক্তভোগীর পরিচয় ও সম্মানের স্বার্থে তার নাম-পরিচয়সহ শনাক্ত করা যায়—এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্তের ফলাফলের ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।