মোহাম্মদ হোসেন হ্যাপী:
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের নৌপথের নাব্যতা সংরক্ষণ, নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিল্পখাতের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়ন, কাঁচামাল পরিবহন, নৌপথের কার্যকর ব্যবহার এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়গুলো বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কাছে তুলে ধরেন সংগঠনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ। তিনি বলেন, দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নিরাপদ ও কার্যকর নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নৌপথের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নাব্যতা বজায় রাখা জরুরি।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুল ইসলাম দেশের অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন, নদীর নাব্যতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পখাতের সম্প্রসারণ এবং নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।