বেসামরিক পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা

অনলাইন ডেস্ক:

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর এ সমঝোতা সই হয়।

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ সমঝোতা স্মারকে সই করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সমঝোতা স্মারকে বেসামরিক পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ডস ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের সর্বোচ্চ মান অনুসরণের বিষয়ে দুই পক্ষের অভিন্ন অবস্থানের কথা উল্লেখ করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার বিষয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান সমঝোতা স্মারককে তারই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *