সিএমপিতে ৬০ মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা

কামরুল ইসলাম:

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৪ ও ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স শুটিং ক্লাবে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্য থেকে মোট ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাহিয়া আমিন মাহি ও মোহাম্মদ তামিম রেজা তাঁদের অনুভূতি ও অভিব্যক্তি ব্যক্ত করেন। তাঁরা বাংলাদেশ পুলিশের আইজিপি ও সিএমপির পুলিশ কমিশনারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের আরও যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনায় ভালো ফলাফল অর্জন নয়, পাশাপাশি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক বিষয় গ্রহণ এবং ক্ষতিকর ও নেতিবাচক বিষয় পরিহারের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।

এ ছাড়া সদরঘাট থানার ওসি মোঃ একেরামুল হক, ইপিজেড থানার ওসি মোঃ আতিকুর রহমান, বাকলিয়া থানার ওসি শাহিন, আকবর শাহ থানার ওসি কামরুজ্জামান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন, চকবাজার থানার ওসি মামুন এবং কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবিরসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *