নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের আগামী অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কুপন রেট কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বন্ডটির ইস্যুয়ার সিটি ব্যাংক পিএলসি।
২০২২ সালের ২০ জুন ডিএসইতে তালিকাভুক্ত হয় সিটি ব্যাংকের ৪০০ কোটি টাকার এই পারপেচুয়াল বন্ড। এর আগে ২০২১ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় বন্ডটি অনুমোদন পায়। বন্ড ইস্যুর প্রস্তাবেও এর আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, সমবায় সমিতি, বিভিন্ন সংগঠন ও ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে।
বন্ড বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটির অ্যাডিশনাল টিয়ার-ওয়ান (এটি-১) মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহারের কথা রয়েছে।