সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই হয়ে আসা চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর ফাইনাল খেলা বড় পর্দায় উপভোগ করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

সোনারগাঁওয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি খেলার উত্তেজনা ভাগ করে নেন জেলা প্রশাসক ও সংসদ সদস্য। তারা শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব, শৃঙ্খলা এবং টিমওয়ার্ক সম্পর্কে উৎসাহমূলক বক্তব্য রাখেন।

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রেরণা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। বড় পর্দায় ফাইনাল খেলা দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক স্তর থেকেই যদি শৃঙ্খলা ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”

এমপি মো. আজহারুল ইসলাম মান্নান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *