মোঃ শামীম হোসেন সিকদার:
রাজনীতি শুধু ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য নয়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতা করাও রাজনৈতিক দায়িত্বের অংশ—এমন বার্তাই যেন দিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য বাবু চনু মং মার্মা। সদর উপজেলার এক নারী বিএনপি কর্মী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বান্দরবান শহরের বেসরকারি ইমানুয়েল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। তার অসুস্থতার খবর জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে পৌঁছালে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজার নির্দেশে অসুস্থ কর্মীর খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বাবু চনু মং মার্মা।
হাসপাতালে গিয়ে তিনি সরাসরি অসুস্থ কর্মীর পাশে দাঁড়ান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থ কর্মীর মাথায় হাত রেখে পরিবারের সদস্যদের সাহস দেন। পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর শারীরিক অবস্থা, চিকিৎসা পদ্ধতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চান। চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন এবং অসুস্থ কর্মীর চিকিৎসায় কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রোগীর পরিবারের সদস্যদের উদ্দেশে বাবু চনু মং মার্মা বলেন, “আপনারা একা নন। এই দুঃসময়ে বিএনপি আপনাদের পরিবারের অংশ। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, দলের পক্ষ থেকে আমরা সব করব। আপনারা শুধু সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।” তিনি আরও বলেন, “দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, আমাদের নেতাকর্মীরা অসুস্থ হলে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্বেরই অংশ। অসুস্থ কর্মীর দ্রুত সুস্থতার জন্য আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখব এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”
বাবু চনু মং মার্মার এমন মানবিক উদ্যোগে অসুস্থ কর্মীর পরিবারে কিছুটা স্বস্তি ফিরে আসে। দুঃসময়ে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে সরাসরি সহযোগিতা ও সাহস পাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা জেলা বিএনপি এবং বাবু চনু মং মার্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক সংগঠনের শক্তি শুধু সভা-সমাবেশ কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে নয়, বরং দলের কর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মধ্যেও নিহিত। অসুস্থ কর্মীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাবু চনু মং মার্মা নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা আরও বলেন, রাজনীতিতে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা বাড়ানো প্রয়োজন। অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ালে দলের প্রতি তাদের আস্থা ও সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী হয়। এদিকে অসুস্থ নারী বিএনপি কর্মীর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।