কুতুবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ায় মেম্বারের অফিসসংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং এর পাশের তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আরোপ করে।

অভিযান পরিচালনার সময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের সঙ্গে ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেন, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *