কেরানীহাটে অনিয়মের অভিযোগে রেস্তোরাঁসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আবদুল আজিজ

সাতকানিয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ২০ আগস্ট রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সাতকানিয়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি রেস্তোরাঁসহ ৩ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার কেরানীহাট ও দস্তিদারহাট এলাকায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেরানীহাট এলাকার মেহফিল রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করা হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় রেস্তোরাঁটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জা করার দায়ে দস্তিদারহাট এলাকার দুই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রেখে অতিরিক্ত আলোকসজ্জা করার দায়ে একটি রেস্তোরাঁসহ ৩ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *