স্টাফ রিপোর্টার:
রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা (রা.)-এর ৭০ শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় তাদের সম্মানে আয়োজন করা হয়েছে ‘হাফেজে কুরআন সেলিব্রেশন-২০২৬’। বর্ণাঢ্য এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পিতাদেরও বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ডেমরায় জমকালো পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইতমিনান বোর্ড পরিচালিত মাদ্রাসা আবু হুরায়রা (রা.) এবং ইতমিনান বালিকা হিফজুল কুরআন মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবী উল্লাহ নবী। কৃতী হাফেজদের দস্তারবন্দী ও পাগড়ি পরিয়ে দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মুহিবুল্লাহিল বাকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।
সংশ্লিষ্টরা জানান, হিফজ শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৬ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি ৭০ জন শিক্ষার্থী সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করার কৃতিত্ব অর্জন করেছে। হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানে পারিবারিক সহযোগিতা ও উৎসাহের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমানে ডেমরা থানা এলাকায় মাদ্রাসাটির ১১টি শাখা রয়েছে। এসব শাখায় প্লে থেকে দশম শ্রেণি এবং নূরানি থেকে কাফিয়া জামাত পর্যন্ত আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। ষষ্ঠ শ্রেণি থেকে কওমি ও জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে পাঠদান করা হয় এবং শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায়ও অংশ নিচ্ছে।
উল্লেখ্য, মাদ্রাসা আবু হুরায়রা (রা.) এ পর্যন্ত ৭০০ জন হাফেজে কুরআন তৈরি করেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় একাধিকবার মেধাতালিকায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায়ও কয়েকবার শীর্ষস্থান অর্জনের কৃতিত্ব রয়েছে প্রতিষ্ঠানটির।