ফটিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত ৩, একজন আটক

কামরুল ইসলাম:

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় জাবেদ নামে একজনকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি, চুরখাঁহাট ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ইরফান জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে জাবেদ নামে একজনকে আটক করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্বস্ত স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীদের একটি দল শোভনছড়ি এলাকার পাহাড় ও জঙ্গলের ভেতরে অবস্থান করছিল। পুলিশ কিংবা স্থানীয় লোকজন তাদের অবস্থান টের পেয়ে গেলে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময়ই এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুয়াবিলের শোভনছড়ি এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলযোগে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে চুরখাঁহাট বাজারের দিকে অগ্রসর হয়।

শোভনছড়ির বাসিন্দারা তাৎক্ষণিকভাবে চুরখাঁহাট বাজারের ব্যবসায়ীদের ফোন করে বিষয়টি জানান এবং দুর্বৃত্তদের আটকানোর অনুরোধ করেন। খবর পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাদের গতিরোধ করার চেষ্টা করলে দুর্বৃত্তরা সেখানেও এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন আহত হন বলে স্থানীয়দের দাবি।

একপর্যায়ে স্থানীয় লোকজন ধাওয়া করলে সুয়াবিল বৈদ্যেরহাট বাজার এলাকা থেকে জাবেদ নামের একজনকে আটক করতে সক্ষম হন। তবে অন্যরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় জাবেদ নামে একজন আটক রয়েছে। এখন পর্যন্ত তাঁরা একজন আহত হওয়ার তথ্য পেয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *