বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ আনজার শাহ :

কুমিল্লার বরুড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১০ জন কিশোর অপরাধী; যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি চার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বরুড়া থানা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঝলম উত্তর বাজারের আলিমুদ্দিন বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে।

এ ছাড়া ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন মো. শাহ আলম (৪৮)। তিনি ৩ নম্বর উত্তর খোশবাস ইউনিয়নের কেমতলী গ্রামের মৃত আলী আজমের ছেলে; মায়ের নাম সাফেরা খাতুন ওরফে সাফু।

জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফরহাদ (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গালিমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. শাহাবুদ্দিন মজুমদারকে (৩৫)। তিনি পয়ালগাছা ডাকঘরের আওতাধীন মগপুকুরিয়া গ্রামের মজুমদার বাড়ির আজমত আলী মজুমদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে বরুড়া থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ বিভিন্ন এলাকায় নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *